ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইটিবি প্রোগ্রাম, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় পড়াশোনা, জিপিএ ২.৫০ হলেই আবেদন

বর্তমান বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের পরিধি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। মুক্তবাজার অর্থনীতি, এলডিসি গ্র্যাজুয়েশন ও ভূরাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের এই সময়ে গ্লোবাল করপোরেট মার্কেটে টিকে থাকতে হলে প্রথাগত শিক্ষার বাইরে বিশেষায়িত জ্ঞানের কোনো বিকল্প নেই। বিষয়টি মাথায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস অনন্য এক সুযোগ নিয়ে এসেছে। পেশাজীবীদের আন্তর্জাতিক বাণিজ্য, সাপ্লাই চেইন, গ্লোবাল ইকোনমি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষ করে তুলতে চালু রয়েছে বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম মাস্টার অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস (এমআইটিবি)। কর্মজীবী মানুষের ক্যারিয়ারের গতিকে বহুগুণ বাড়িয়ে দিতে এবং বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ২০২৬ শিক্ষাবর্ষের জুলাই ইনটেকে এক্সিকিউটিভ বা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া চলছে।

কোর্সের বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমআইটিবি প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একজন পেশাজীবীকে আন্তর্জাতিক বাজারের জটিল সমীকরণগুলো বুঝতে এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মোট ৫১ ক্রেডিটের কোর্সটিতে ক্লাস নেওয়ার দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। এর পাশাপাশি সরকারি নীতিনির্ধারক পর্যায় এবং দেশি-বিদেশি শীর্ষস্থানীয় শিল্প খাতের সফল বিশেষজ্ঞরা এখানে অতিথি শিক্ষক হিসেবে যুক্ত থাকেন। চাকরিজীবীদের সময়ের কথা বিবেচনা করে এই কোর্সে রয়েছে পছন্দমতো বিষয় বেছে নেওয়ার সুবিধা। এ ছাড়া সব ক্লাস সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো ডিসিপ্লিন বা বিষয়ের (যেমন—বাণিজ্য, বিজ্ঞান বা মানবিক) গ্র্যাজুয়েটরা এখানে আবেদনের সুযোগ পাবেন। তবে প্রার্থীর সব একাডেমিক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ২.৫০ অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। যেহেতু এটি একটি প্রফেশনাল প্রোগ্রাম, তাই আবেদনকারীদের যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের বাস্তব কাজের বা চাকরির অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিশ্বায়নের এই যুগে যাঁরা নিজেদের সাধারণ ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চান, তাঁদের জন্য এই এক বছরের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডটি একটি চমৎকার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।

আবেদনের প্রক্রিয়া

এমআইটিবি প্রোগ্রামের আবেদনপ্রক্রিয়া অত্যন্ত সহজ এবং এটি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই তাঁদের অফিশিয়াল ওয়েবসাইট (https://mitb.fbs-du.com) ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এ ছাড়া যাঁরা সরাসরি বা সশরীর আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে চান, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অফিস থেকে কর্মদিবসে (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফি বাবদ ১,৫০০ (এক হাজার পাঁচ শ) টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি অনলাইনে ব্যাংক ট্রান্সফার বা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদনের সময় ও যোগাযোগ

এই প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ আগামী ৩০ জুন ২০২৬। ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের গণিত এবং ইংরেজি বিষয়ের ওপর একটি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ৩ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে অনুষ্ঠিত হবে এবং একই দিনে বিকেল ৫টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই বিশেষায়িত প্রোগ্রামের জন্য যোগাযোগ: ০১৭১২৩১৪১৫৩, ০১৯১১০১৫০৫৭, ই–মেইল: mitb.ib.du@gmail.com, ওয়েবসাইট: https://mitb.fbs-du.com/index.php?act=apply/circular