
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত করা হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত হবে আজ রোববার সন্ধ্যার পর। আবহাওয়া অনূকূলে থাকলে যথাসময়েই পরীক্ষা হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিন।
ঘূর্ণিঝড় মোখার কারণে আজ ও আগামীকাল সোমবার বিশ্ববদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী মঙ্গলবার এ ইউনিটের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আবহাওয়া পরিস্থিতি দেখে পেছানোর কোনো দরকার আছে বলেও মনে হয় না। নির্ধারিত সময়েই পরীক্ষা হবেমোহাম্মদ নাসিম হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার সহসমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বেনু কুমার দে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত আবহাওয়ার প্রতিকূলতা পর্যবেক্ষণ করা হবে। ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে বিকেল চারটায় ডিনদের নিয়ে মিটিংয়ে বসার আশা রাখছেন তিনি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের পরীক্ষা পরিচালনার সমন্বয়ক হচ্ছেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম। বেলা একটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক। সবকিছু যদি আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, তাহলে তো পরিবর্তনের প্রয়োজন হবে না। সন্ধ্যার পরে চূড়ান্তভাবে জানানো হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষার সহসমন্বয়কের দায়িত্বে আছেন বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আবহাওয়া পরিস্থিতি দেখে পেছানোর কোনো দরকার আছে বলেও মনে হয় না। নির্ধারিত সময়েই পরীক্ষা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা ১৬ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে এ বছরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ও বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে বলা হয়েছে, ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।
আজ বেলা সোয়া একটায় এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র এখন কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। আজ বেলা তিনটার দিকে এটি উপকূল পার হয়ে যেতে পারে।
আর আজই সন্ধ্যার মধ্যে পুরো ঝড় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে এই উপকূল পার হবে। মো. আজিজুর রহমান বলেন, উপকূল পার হওয়ার সময় টেকনাফ ও সেন্ট মার্টিনে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার।