২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড চলছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে ছবি ও সেলফি গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ছবি ও সেলফি–সংক্রান্ত জরুরি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছবি ও সেলফি উভয়টি ২৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে সঠিকভাবে গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড তথা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।’
১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত বছরের ৭ ডিসেম্বরে গুচ্ছে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন শেষ হয়েছে।
আগামী ২৭ মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩ এপ্রিল বি ইউনিট ও ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, ১৪ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।