৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু যেদিন

ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী ১২ এপ্রিল। এ কার্যক্রম চলবে ২২ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন জেলার জন্য এ কার্ড বিতরণে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুলত্রুটি হয়ে থাকলে আগামী ২৮ এপ্রিলের মধ্যে বোর্ডের নির্ধারিত ফরমে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

গতকাল সোমবার (৩০ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, যা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের জ্ঞাতার্থে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ১২ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। এই রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় শাখা থেকে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীর ১২ এপ্রিল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৩ এপ্রিল, নরসিংদী ও কিশোরগঞ্জের ১৫ এপ্রিল, ঢাকা জেলা ও মাদারীপুরের ১৬ এপ্রিল, শরীয়তপুর ও রাজবাড়ীর ১৯ এপ্রিল, গাজীপুর ও ফরিদপুরের ২০ এপ্রিল, টাঙ্গাইল জেলার ২১ এপ্রিল এবং মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলার রেজিস্ট্রেশন কার্ড ২২ এপ্রিল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুলত্রুটি হয়ে থাকলে আগামী ২৮ এপ্রিলের মধ্যে বোর্ডের নির্ধারিত ফরমে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এ তারিখের মধ্যে সংশোধন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি বা সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটি অনুমোদনপত্র আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ বা গ্রহণ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যেসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বীকৃতি নবায়ন নেই, সেই সব প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন করতে হবে।