জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের তৃতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শুরু হতে যাচ্ছে। আজ বুধবার (৪ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় পর্যায়ে বিষয় পাওয়া শিক্ষার্থীদের ৫ মার্চ দুপুর ১২টা থেকে ৯ মার্চ দিবাগত রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এ ছাড়া ৫ থেকে ১০ মার্চ (সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিন সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
এদিকে ভর্তি ফি কত, তা–ও জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।