
প্রায় ছয় দশক ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আধুনিক এক্সিকিউটিভ কোর্সের মাধ্যমে বাংলাদেশের পেশাগত অঙ্গনকে নেতৃত্ব দিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে বর্তমানে একটি দক্ষ ও প্রশিক্ষিত প্রজেক্ট ম্যানেজমেন্ট মানবসম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই চাহিদা পূরণের লক্ষ্যে আইবিএ আয়োজন করেছে ছয় সপ্তাহব্যাপী বিশেষ সার্টিফিকেট কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট কমপিটেনসিজ ফর প্রফেশনালস (পিএমসি)। মেধা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের সমন্বয়ে সরকারি, বেসরকারি এবং উন্নয়ন খাতে দক্ষ প্রজেক্ট লিডার বা প্রকল্প ব্যবস্থাপক তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীদের আধুনিক প্রকল্প ব্যবস্থাপনার মৌলিক ও উন্নত কৌশলগুলোতে পারদর্শী করে তুলতে কোর্সটিতে বিস্তৃত সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহের এই শিক্ষাক্রমে মূলত প্রজেক্ট ডিজাইন, প্রজেক্ট সিলেকশন, স্কোপ ও কস্ট ম্যানেজমেন্ট, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, অ্যাকটিভিটি প্ল্যানিং, শিডিউলিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশনের মতো অত্যাবশ্যকীয় বিষয়গুলো নিবিড়ভাবে শেখানো হবে। শুধু তাত্ত্বিক আলোচনাতেই এই পাঠ্যক্রম সীমাবদ্ধ নয়; বরং শ্রেণিকক্ষের বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ এক্সারসাইজ এবং প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তবমুখী প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। আইবিএর অভিজ্ঞ শিক্ষকেরা এবং দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ ও প্র্যাকটিশনাররা প্রশিক্ষণার্থী পেশাজীবীদের গাইড করবেন।
বিশেষায়িত এই কোর্স মূলত পেশাজীবীদের ক্যারিয়ারের গতি বাড়াতে ডিজাইন করা হয়েছে। যারা ইতিমধ্যে টিম লিডার, প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, টেকনিক্যাল লিড, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট কিংবা মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন কিংবা এসব পদে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় প্রকল্প চালনায় নিয়োজিত সরকারি কর্মকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ সমীক্ষা, অবকাঠামোগত প্রকল্প বা মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনায় যুক্ত পেশাজীবী এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনাকারী উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোর্সে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম ব্যাকগ্রাউন্ড হতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে http://mdp.iba-du.edu/pmc আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়া পরিচালনা করা হবে। আবেদনের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হবে। নির্বাচিত প্রার্থীকে মোট কোর্স ফি হিসেবে ৩২ হাজার টাকা ফি জমা দিতে হবে।
চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার্থে কোর্সটির ক্লাস রাখা হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ঢাকার আইবিএ ক্যাম্পাসে আগামী ৪ এবং ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে মোট ছয়টি সাপ্তাহিক ছুটির দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
যেসব পেশাজীবী নিজেদের নেতৃত্বগুণকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চান, তাঁদের জন্য আইবিএর এই পিএমসি কোর্স একটি মাইলফলক হতে পারে। কোর্সসংক্রান্ত যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য সরাসরি ঢাবির আইবিএ ভবনের চতুর্থ তলায় ৪০২ নম্বর কক্ষে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মোবাইল নম্বর (+৮৮-০১৭৬৬৯৯৩৩৯০), ই–মেইল (mdp@iba-du.edu) কিংবা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার সুবিধা রয়েছে। বিস্তারিত।