
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাটন টিপে এ লটারি কার্যক্রমের উদ্বোধন করেন। আগের দিন সোমবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফল প্রকাশ করা হয়েছিল।
এবার সরকারি ও বেসরকারি এই দুই ধরনের মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান এ কার্যক্রমে যুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয় এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। মোট ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।
এবার বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান প্রমুখ।