
বিশ্বরাজনীতি মানেই নতুন নতুন ঘটনা আর নতুন নতুন আলোচনা। এসব নিয়েই বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস (আইআর)। এ বিষয়টি কেবল সীমানা ও ভূরাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বরাজনীতি, অর্থনীতি, কূটনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের চালচিত্র অনুধাবনের এক সুনির্দিষ্ট ক্ষেত্র। আজকের দিনে যখন প্রতিটি রাষ্ট্র অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত প্রতিযোগিতা কিংবা আন্তরাষ্ট্রীয় সংঘাতে গভীরভাবে জড়িত, তখন বৈশ্বিক ঘটনাপ্রবাহের পেছনের চালিকা শক্তিগুলোকে বুঝতে পারা অত্যন্ত জরুরি। একজন সচেতন নাগরিক ও পরিবর্তনশীল বিশ্বের নীতিনির্ধারক বা বিশ্লেষক হয়ে ওঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তন, আন্তসাংস্কৃতিক বোঝাপড়া ও নীতিনির্ধারণী সক্ষমতা তৈরি করে।
বাংলাদেশে উচ্চশিক্ষা
বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়নের সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত ও আকর্ষণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস–সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (ব্যাচেলর) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে এ বিষয়ে উচ্চ মানের শিক্ষা প্রদান করা হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ দেশের কূটনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় পথিকৃৎ হিসেবে ভূমিকা রেখে চলেছে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক সংকট, দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বৈদেশিক নীতির প্রায়োগিক পাঠক্রম শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলছে। এখন বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সের অংশ হিসেবেও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পেশাজীবীদের পড়ার সুযোগ তৈরি হয়েছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীন এমফিল ও পিএইচডি ডিগ্রির সুযোগ আছে।
গবেষণার সুযোগ
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের গবেষণার পরিধিও অত্যন্ত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। জলবায়ু কূটনীতি, অভিবাসন–সংকট, সাইবার নিরাপত্তা, ভূ–অর্থনীতি ও অপ্রচলিত নিরাপত্তা হুমকি নিয়ে বাংলাদেশে গবেষণা করার প্রচুর সুযোগ রয়েছে। শিক্ষক ও গবেষক হিসেবে শিক্ষার্থীরা বৈদেশিক নীতি বিশ্লেষণ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে কাজ করার মাধ্যমে জাতীয় নীতি নির্ধারণে তাত্ত্বিক ও প্রায়োগিক ইনপুট দিতে পারেন। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা অনুদান এবং ফেলোশিপের সুযোগ থাকায় এখানকার তরুণ গবেষকেরা বিশ্বমঞ্চে নিজেদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ পাচ্ছেন।
চাকরির সুযোগ
চাকরির বাজারের দিক থেকেও আন্তর্জাতিক সম্পর্কের গ্র্যাজুয়েটদের রয়েছে বহুমুখী ও সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার, বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের ক্ষেত্রে এই বিষয়ের শিক্ষার্থীরা ঐতিহ্যগতভাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিও, গবেষণাপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক গণমাধ্যমে সাংবাদিকতা বা বিশ্লেষক হিসেবে কাজ করার দরজা তাঁদের জন্য উন্মুক্ত। করপোরেট সেক্টরের বৈশ্বিক যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনায়ও আইআর গ্র্যাজুয়েটদের চাহিদা দিন দিন বাড়ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা কেবল একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; এ বিষয়টি বৈশ্বিক পরিমণ্ডলে নিজের দেশকে আত্মবিশ্বাসী ও জোরালোভাবে উপস্থাপন করার একটি বুদ্ধিবৃত্তিক অস্ত্র। যাঁরা বিশ্বকে জানতে চান, আন্তর্জাতিক সম্পর্কের মারপ্যাঁচ বুঝতে চান এবং বৈশ্বিক পরিসরে নিজের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এ বিষয়টি হতে পারে জীবনের অন্যতম সেরা ও দূরদর্শী একটি একাডেমিক পছন্দ।
মো. আলী সিদ্দিকী, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়