জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি, আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে অনার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ৩১ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ⁠ থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি) ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীর স্বাক্ষরযুক্ত প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে পারবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ জনপ্রতি ৮০০ টাকা ‘সোনালী সেবা’র মাধ্যমে সংশ্লিষ্ট খাতে ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে যেকোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।