ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত অগ্রিম ফি ২৭ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে যাঁরা বিষয় মনোনয়নপ্রাপ্ত হয়ে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করেছেন, তাঁদের আবার সাক্ষাৎকারে অংশগ্রহণের প্রয়োজন নেই।

নতুনভাবে বিষয় বরাদ্দপ্রাপ্ত ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার–সংক্রান্ত বিস্তারিত তথ্য নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশনে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করতে হবে। নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত অগ্রিম ফি (অটো মাইগ্রেশন ক্ষেত্রে ১০০ টাকা এবং মাইগ্রেশন অফ ক্ষেত্রে ৫০০ টাকা) ২৭ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিষয় মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এ অবস্থায় সংশ্লিষ্ট সব ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন ও ভর্তি কার্যক্রম–সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত পরিদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।