নর্থ সাউথ ইউনিভার্সিটি বাস্কেটবল লিগ (এনবিএল) ২০২৬–এর প্রথম আসর গত ২৯ আগস্ট শেষ হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনডোর গ্রাউন্ডে আয়োজিত এ টুর্নামেন্টে পুরুষ, নারী ও কো–এড বা সমন্বিত বিভাগে যথাক্রমে ওল্ড বিটস, র্যাপ্টরস ও ম্যাড চ্যাম্পিয়ন হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনএসইউএসসি) আয়োজিত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগের শিক্ষার্থী ও বাস্কেটবলপ্রেমীরা অংশ নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাস্কেটবলের প্রসার ও শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টে তিনটি বিভাগ ছিল—পুরুষ, নারী ও কো–এড বা সমন্বিত বিভাগ। পুরুষ বিভাগে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত ওল্ড বিটস চ্যাম্পিয়ন ও রিভেন ডেল রানার্সআপ হয়।
নারী বিভাগে অংশ নেয় চারটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর সেরা দুটি দল ফাইনালে ওঠে। ফাইনালে র্যাপ্টরস শিরোপা জয় করে এবং পান্ডা স্কোয়াড রানার্সআপ হয়।
কো–এড বা সমন্বিত বিভাগে ছিল তিনটি গ্রুপ। প্রতিটি গ্রুপে তিনটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সবচেয়ে কম ব্যবধানে পরাজিত সেরা রানার্সআপ দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনাল শেষে ম্যাড সমন্বিত বিভাগে চ্যাম্পিয়ন ও ওল্ডিজ রানার্সআপ হয়।
টুর্নামেন্টের ম্যাচগুলো তিন বনাম তিন ফরম্যাটে হাফ কোর্টে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস্কেটবল খেলোয়াড়দের পাশাপাশি এই খেলায় আগ্রহী অন্য শিক্ষার্থীরাও টুর্নামেন্টে উৎসাহের সঙ্গে যুক্ত হন।
ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরুষ বিভাগে আবদুল্লাহ আল জাওয়াদ হোসাইন টুর্নামেন্ট–সেরা নির্বাচিত হন। নারী বিভাগে এই সম্মান পান সামিহা আরমান। সমন্বিত বিভাগেও টুর্নামেন্ট–সেরা নির্বাচিত হন আবদুল্লাহ আল জাওয়াদ হোসাইন।
সমাপনী অনুষ্ঠানে টুর্নামেন্টে দায়িত্ব পালনের জন্য দুই রেফারি মিজানুর রহমান ও মো. জামিল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করে নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব।
এ ছাড়া বসুন্ধরা স্পোর্টস সিটির প্রতিনিধিদেরও সম্মাননা জানানো হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তব্যাচ ফুটবল ২০২৬ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তব্যাচ ক্রিকেট ২০২৬ আয়োজনে মূল্যবান সহযোগিতার স্বীকৃতি হিসেবে মেজর মহসিনুল করিম (অব.), সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা স্পোর্টস সিটিকে সম্মাননা দেওয়া হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মো. শৈশব কবির বন্ধন, সহকারী নির্বাহী, মার্কেটিং। একইভাবে মাসুদুর রহমান মান্না, প্রধান, অপারেশনস, বসুন্ধরা স্পোর্টস সিটিকে সম্মাননা দেওয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সৈয়দ হুমায়ুন আহমেদ, মার্কেটিং ম্যানেজার, বসুন্ধরা স্পোর্টস সিটি।
২৭ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়।