মনজুর আহমদ
মনজুর আহমদ

অভিমত

এ খসড়া আইন শিক্ষার সংস্কার ও উন্নয়নে কাজে লাগবে না

শিক্ষা একটি বড় বিষয়। এর বহুমাত্রিক নানা খাত–উপখাত আছে। তাই একটি আইন দিয়ে সব কিছু চালানো যায় না। শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তাদের আলাদা আইন আছে। এসব থাকবেই। কিন্তু একটি আইন দিয়ে সব কটি প্রতিস্থাপন করা যাবে না। যেটা দরকার, সেটা হলো শিক্ষাব্যবস্থার জন্য একটি আইনি রূপরেখা; যেটা দিয়ে শিক্ষার বিষয়ে সামগ্রিক নির্দেশনা দেবে। যেমন বিদ্যালয় শিক্ষা সর্বজনীন হবে। শিক্ষার পরিচালনায় বিকেন্দ্রীকরণ দরকার। শিক্ষকদের মর্যাদা বাড়াতে হবে, সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

এসব বিষয়ে মৌলিক কথা থাকবে আইনে। কিন্তু প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় মূলত বিদ্যমান নানা রকম বিধিবিধান, নির্দেশনা, পরিপত্র ইত্যাদি একত্র করে তুলে ধরা হয়েছে। এটি প্রশাসনের সুবিধার জন্য হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু আইনের এই খসড়া চূড়ান্ত হলে তা দিয়ে শিক্ষার সংস্কার, মানোন্নয়ন, পরিবর্তন ও উন্নয়নে কাজে লাগবে না। সুতরাং এটা হলে শিক্ষার কী লাভ হবে? আমি তা দেখছি না।

আমরা চাই শিক্ষার সংস্কার, পরিবর্তন। এটা করতে হবে এবং সেটার জন্যই একটি আইনি কাঠামো দরকার। কিন্তু যে খসড়া দেখলাম, তাতে কোনো লাভ হবে না। এখন শিক্ষার সংস্কারের জন্য আলোচনা হচ্ছে। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটির প্রতিবেদন আগামী সপ্তাহে দেওয়া হতে পারে। সংস্কার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তার ভিত্তিতে সামগ্রিক আইনি কাঠামো করতে হবে। আর এখন বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসবে। এখন দলগুলো ইশতেহার দিচ্ছে। তখন শিক্ষার উন্নয়ন নিয়ে নানা কথাবার্তা হবে। তখন আইনি কাঠামো হওয়া দরকার।

মনজুর আহমদ: আহ্বায়ক, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন–বিষয়ক পরামর্শক কমিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক।