সনদ পেল বুয়েটে ভার্চ্যুয়াল ইন্টার্নশিপকারীরা

ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশান ও ভার্চ্যুয়াল ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ভার্চ্যুয়াল ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হলো। বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ইএসআরডি ল্যাব ও সফটওয়্যার সেবাদাতা মাইসফট লিমিটেডের উদ্যোগে ভার্চ্যুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রামের চতুর্থ ধাপের শিক্ষার্থীদের এ সনদ দেওয়া হয়। গত সোমবার সনদ বিতরণী এ অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স বিভাগের আইআইসিটি ল্যাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর সত্য প্রসাদ মজুমদার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান, বেসিসের পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, মাইসফটের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মাহমুদা নাজনীন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বর্তমানে শিক্ষার্থীদের শিল্প খাতের উপযোগী করে গড়ে তুলতে আগে থেকে দক্ষতা অর্জন প্রয়োজন। এ লক্ষ্যে কম্পিউটার বিভাগের শিক্ষার্থীদের দেশের আধুনিক শিল্প ও প্রযুক্তিখাতের সঙ্গে যুক্ত করতে বুয়েটের সিইসি বিভাগের ইসিস্টেম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইএসআরডি-ল্যাব) ল্যাব মাইসফটের সহযোগিতায় ‘ভার্চ্যুয়াল ইন্টার্নশিপ সিস্টেম’ তৈরি করেছে। এর আওতায় শিক্ষার্থীরা আধুনিক সফটওয়্যার প্রোগ্রামের নানা বিষয়ে ইন্টার্নশিপ করছেন। এ কর্মসূচির চতুর্থ রাউন্ড সফলভাবে শেষ হয়েছে। বিজ্ঞপ্তি