
একমাত্রা-ডাচ্–বাংলা ব্যাংক একাডেমিতে জাপানি কুমন শিখন পদ্ধতি পরিচালনা করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার ব্র্যাক কুমন লিমিটেড এবং একমাত্রা সোসাইটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জাপানি শিখন পদ্ধতি কুমন পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক কুমন লিমিটেড এবং একমাত্রা সোসাইটি ২০২২ সালের আগস্ট মাসে কুমন প্রোগ্রামের প্রবর্তন করে। ব্রাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং একমাত্রা সোসাইটির নির্বাহী পরিচালক শুভাশীষ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি ইউজি আন্দো, একমাত্রা এন্টারপ্রেনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিরোকি ওয়াতানাবে এবং ব্র্যাক কুমন লিমিটেডের প্রধান নেহাল বিন হাসান।
এর আওতায় বর্তমানে একাডেমির ৫৬ জন শিশু উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিয়মিত কুমন চর্চা করছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা তাদের পড়াশোনায় আগের চেয়ে আরও মনোযোগী হয়েছে এবং সহজভাবে শেখার সুযোগ পেয়েছে। শিশুরা যেকোনো সমস্যা স্বপ্রণোদিত হয়ে সমাধান করার জন্য আগ্রহী হচ্ছে এবং নতুন কিছু শেখার জন্য আরও কৌতূহলী হয়ে উঠছে। এই উদ্যোগ তাদের কার্যকরভাবে সময়ানুবর্তী হতেও উৎসাহিত করছে।
অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, ব্র্যাক কুমন লিমিটেড এবং একমাত্রার মধ্যে চুক্তিটি পরবর্তী প্রজন্মের শেখার অভ্যাসকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সাহায্য করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক কুমন লিমিটেড এবং একমাত্রা সোসাইটির এই যৌথ উদ্যোগ দেশের আরও প্রান্তিক পর্যায়ে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। কুমনের মতো একটি আন্তর্জাতিক মানের শিখন পদ্ধতির সঙ্গে সংযুক্ত হয়ে শিশুরা তাদের মেধা আরও বিকশিত করে নিজেদের একদিন বিশ্বের উন্নত শিক্ষার সমমানে নিয়ে যেতে পারবে বলে মনে করেন ব্র্যাক কুমন এবং একমাত্রা সোসাইটির কর্মকর্তারা।
কুমনকে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ‘শেখ রাসেল স্কুল অব ফিউচারের’ মাধ্যমে তিন শতাধিক সরকারি স্কুলে কুমন চালু করার উদ্যোগে কাজ করছে।
বিশ্বের ৬২টি দেশে ৩৬ লাখের বেশি শিক্ষার্থী কুমন শিখন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করছে।