কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মুট কোর্ট প্রতিযোগিতার ২য় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে রানারআপ হয়েছে। প্রতিযোগিতাটি ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মুট কোর্ট প্রতিযোগিতা আন্তর্জাতিক পরিবেশ আইনকে কেন্দ্র করে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মুট প্রতিযোগিতা, যেখানে কঠোর আইনগত গবেষণা ও প্রভাবশালী মৌখিক উপস্থাপনা সমন্বিতভাবে উপস্থাপিত হয়। বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে দেশের ৩২টি আইন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তোলে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে তিন সদস্যের দল অংশগ্রহণ করে। প্রথম ওরালিস্ট হিসেবে আসেফ ইবনুল, দ্বিতীয় ওরালিস্ট হিসেবে আরিয়ান বর্ণো এবং রিসার্চার হিসেবে ফেয়ার ইসলাম খেয়া ছিলেন দলে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল অ্যান্ড মুট ক্লাবের ব্যানারে প্রতিযোগিতা করে দলটি প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ড সফলভাবে অতিক্রম করে ফাইনালে স্থান করে নেয় এবং শেষ পর্যন্ত রানারআপ হয়।
পুরো প্রতিযোগিতায় দলটি জটিল পরিবেশ আইন–সংক্রান্ত ইস্যুতে শক্তিশালী জাতীয় প্রতিযোগীদের বিপরীতে প্রশংসনীয় অ্যাডভোকেসি, গবেষণাগত উৎকর্ষ, ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দেয়।
এই সাফল্য অর্জনে তাঁদের কোচ, রুবাইয়া ইসলাম, প্রভাষক, আইন বিভাগের নিরবচ্ছিন্ন মেন্টরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নাজিফা মুনিয়াত কাদের ও অন্য শিক্ষকদের মূল্যবান সহায়তা ও দিকনির্দেশনা দলটির জন্য সহায়ক ছিল। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে মুহাম্মদ সুনজাদ শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের প্রতি, যাঁর ধারাবাহিক দিকনির্দেশনা ও উৎসাহ এই যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।