সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান
ছবি: সাউথইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। গত ২৮ ও ২৯ জুন (রোববার ও সোমবার) তিনটি আলাদা সেশনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রোববার বিকেলে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও কবি অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা।

সোমবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সিএসই, ইইই, টেক্সটাইল, আর্কিটেকচার ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।

একই দিন বেলা তিনটায় অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক এম এস ফাহিমা আখতার। অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং দ্বিতীয় ও শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সহ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। তাঁরা শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, জ্ঞান ও দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।