
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ ফারুক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ওয়ালিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৈয়দ ফারুক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
ফারুক হোসেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি জাতীয় পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। আগ্রহ গল্প ও কবিতা লেখায়। তাঁর অসংখ্য প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ ও সৃজনশীল নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ফারুক হোসেন সাংবাদিকতার প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন। তাঁর লেখা বইগুলো হচ্ছে ‘রক্তাক্ত আরাকান: মানবিক বাংলাদেশ’, ‘বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম’, ‘মুজিববর্ষে বাংলাদেশ’, ‘চিত্রা’, ‘প্রজায়িনী’ ইত্যাদি। এর মধ্যে ‘প্রজায়িনী’ তাঁর একমাত্র কাব্যগ্রন্থ।