রাজধানীর আফতাবনগরস্থ ক্যাম্পাসে গত শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ র্যালি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। শিক্ষকদের পক্ষে অধ্যাপক অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন, প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক।
ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সদস্য মুনিজে মঞ্জুর এবং সাবেক উপাচার্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম শহিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
স্মৃতিচারণা পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস এবং গত তিন দশকের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণার বিভিন্ন অর্জন তুলে ধরেন। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই এবং শিক্ষকবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।