এনএসইউয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন

শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

আজ বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সামার সেমিস্টার ২০২৬–এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র) দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান ও এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এনএসইউ রেজিস্ট্রার আহমেদ তাজমীন।

মাহ্দী আমিন বলেন, ‘আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ, এক্সট্রা–কারিকুলার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে।’

আজিজ আল কায়সার বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য তৈরি করা হয় না; বরং তাঁদের এমন ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যাঁরা দায়িত্বশীল, নৈতিক, সহানুভূতিশীল ও সমাজে শ্রদ্ধাশীল হয়ে ওঠেন।’

উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয়, এটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন ও ভবিষ্যতের নেতৃত্বের জন্য সহায়ক একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, সৃজনশীল হতে ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়, যা শিক্ষার্থীদের জীবনে সফল হতে ও সমাজে অবদান রাখতে সাহায্য করে।

অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম।

এনএসইউর সহ–উপাচার্য নেছার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।