ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন–২০২৬ ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’–এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্প খাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যসহ ১২৬ জনের বেশি অংশগ্রহণকারী ও অতিথি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা মানসিকতার প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মানসিকতা ও শিল্প একাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অতিথি অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের তাঁদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. মামুন হাবিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ। তাঁরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও শিল্প–শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। অ্যাডভাইজরি কমিটির পক্ষে সহ–উপাচার্য ড. এম নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতার সফল আয়োজনে অবদান রাখার জন্য বহিরাগত ও অভ্যন্তরীণ বিচারক, বিশেষ অতিথি ও আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ প্রথম রানারআপ এবং ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’ দ্বিতীয় রানারআপ হয়। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।
সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ও প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক সেলিম আহমেদ আয়োজনের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।