
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের হিসাবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটে। আর সবচেয়ে কম প্রতিযোগিতা হবে ব্যবসায় শিক্ষা ইউনিটে। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসনে ভর্তি হতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা হবে ৩৯ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মধ্য।
আগামী ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন এ ইউনিটে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।
এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
*বিজ্ঞান ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার নির্ধারিত সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।
*ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার নির্ধারিত সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।