
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের দুটি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বাংলা ও ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষের আর ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। ঘূর্ণিঝড়ের কারণে ওই তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি তাসলিমা বেগম, ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পরিচালক মো. শফিকুল ইসলাম।
এরই মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। সোমবার সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। ঘূর্ণিঝড়ের মূল অংশ সোমবার মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলা এবং ওই এলাকার দ্বীপ ও চরগুলোকেও ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।