বছরজুড়ে সকাল–বিকেল দুই বেলা হাড়ভাঙা পরিশ্রম। অনুশীলনে জয় করতে হবে কোচের মন। তাই প্রতিদিনের অনুশীলনে নিজের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার তাড়না। এরপর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে হারাতে হবে প্রতিপক্ষকে। সব মিলিয়ে খেলোয়াড়দের শরীরে জেঁকে বসে রাজ্যের ক্লান্তি। এমন দৈনন্দিন জীবনে তাদের জন্য বইয়ের পাতায় চোখ রাখার কাজটি তো বড্ড কঠিন।
সেই কঠিনকেই জয় করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। বিকেএসপির ইতিহাসে এবার প্রথমবারের মতো খেলোয়াড় তৈরির এই প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ পাস করেছে। এমনকি এ প্লাসও পেয়েছে সর্বাধিক ১৫ শিক্ষার্থী। খেলোয়াড় তৈরির প্রতিষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই অভূতপূর্ব সাফল্য অবাক হওয়ার মতোই।
বিকেএসপি থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১২৫ জন। এদের মধ্যে নেপালে অনুষ্ঠিত সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য পরীক্ষায় অংশ নেয়নি সাথী বিশ্বাস। পরবর্তী সময়ে সাথী তো মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হওয়া ইতিহাস গড়া দলের সদস্যই হয়েছে। বাকি ১২৪ জনের মধ্যে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে হয়েছে কৃতকার্য। ১২৪ জনের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৮ জন ও ১০৬ জন মানবিক বিভাগের। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছে নয়জন আর মানবিক বিভাগ থেকে ছয়জন।
রোজার মধ্যে বিকেএসপি বন্ধ থাকলেও শুধু এসএসসি পরীক্ষার্থীদের আমরা হোস্টেলে রেখেছিলাম। সে সময় ক্যাডেটদের ক্লাসে এনে বিশেষ বিষয়ের ওপর বাড়তি জোড় দেওয়া হয়েছে। এ ছাড়া স্টুডেন্টরাও নিজেদের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগী ছিল। আমাদের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে, তারা শুধু খেলা নয়, পড়াশোনাতেও ভালো করতে পারে।লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন, বিকেএসপি কলেজের প্রিন্সিপাল
আরও স্পষ্ট করে বললে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিভাগ থেকে সর্বোচ্চ পাঁচজন, দুজন করে জুডো, আর্চারি, শুটিং, জিমন্যাস্টিকস ও বক্সিংয়ের, বাকি একজন হকি বিভাগের। তাদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
খেলোয়াড়দের পড়াশোনায় এমন দুর্দান্ত সাফল্যের কারণ হিসেবে বিকেএসপি কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন বলেন, ‘রোজার মধ্যে বিকেএসপি বন্ধ থাকলেও শুধু এসএসসি পরীক্ষার্থীদের আমরা হোস্টেলে রেখেছিলাম। সে সময় ক্যাডেটদের ক্লাসে এনে বিশেষ বিষয়ের ওপর বাড়তি জোড় দেওয়া হয়েছে। এ ছাড়া স্টুডেন্টরাও নিজেদের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগী ছিল। আমাদের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে, তারা শুধু খেলা নয়, পড়াশোনাতেও ভালো করতে পারে।’
‘ক’ ও ‘খ’ শাখা মিলিয়ে মোট ১২৫ জন শিক্ষার্থী। তাদের প্রশংসা করলেন ক শাখার শ্রেণিশিক্ষক গণিতের প্রভাষক মো. বিলায়েত হোসেন। তিনি বলেন, ‘এই ব্যাচের শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহী ছিল। আমরা শিক্ষকেরা শিক্ষার্থীদের সেই আগ্রহ কাজে লাগাতে পেরেছি। এ ছাড়া পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ওরা বেশি সময় প্রস্তুতি নিতে পেরেছে, যা বিশেষভাবে কাজে লেগেছে।’