ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ রাজধানীর বিএএফ শাহীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিন ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তিতে দ্বিতীয়বার আবেদনের সুযোগ, অর্থাৎ ২০২৫ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

স্নাতকে ভর্তি ৪ বিষয়ে

চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হবে পারবেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে। বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।

ভর্তিতে যোগ্যতা

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নসহ) ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ পেয়েছেন এবং ২০২৫ বা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০-সহ উত্তীর্ণ হতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীরা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের।

*তা ছাড়া ২০২২ বা ২০২৩ সালে GCE-O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজিসহ) ন্যূনতম B গ্রেড অথবা সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালে GCE-A লেভেল পরীক্ষার অন্ততপক্ষে ৩টি বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) ন্যূনতম B গ্রেড অথবা সমমানপ্রাপ্ত হয়েছেন, তাঁরা আবেদন করতে পাররেন।

বাছাই করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ

আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীকে বিবেচনা করা হবে। এই তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর সমান হলে প্রথমে শুধু গণিতে প্রাপ্ত নম্বর এবং পরবর্তী সময়ে যথাক্রমে পদার্থবিজ্ঞানে ও রসায়নে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aaub.edu.bd/) আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

পাঠ্যসূচি

জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয় নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস

স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিতে ৪০, পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ২০ এবং ইংরেজিতে ১০ নম্বর থাকবে। দুই ঘণ্টায় নৈর্ব্যক্তিক ৬০ নম্বরের ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষাটিও ১০০ নম্বরের হবে, যার মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা সময় পাবেন ২ ঘণ্টা।

*ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে