প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ১৭ জুলাই অনুষ্ঠেয় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার বাউবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851)। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটি পরীক্ষাই স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড (B. Ag. Ed) প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই–ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর অন্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।