গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হলো চূড়ান্ত ভর্তির সময়সীমা

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে। চলমান দক্ষিণাঞ্চলে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে ১৬ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়িয়েছে গুচ্ছভুক্ত ভর্তি কমিটি।

গতকাল রোববার গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভার (১২ জুলাই) সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগের সিদ্ধান্ত মোতাবেক জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে ৮ থেকে ১৩ জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছিল।

এবার ‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। যাঁরা প্রাথমিক ভর্তি হয়েছেন এবং অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হবেন, তাঁদের কাগজপত্র (ডকুমেন্টস) উত্তোলন করে নতুন করে চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে।

যে কাগজপত্র (ডকুমেন্টস) জমা দিতে হবে—

শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার সময় হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষর করা মূল প্রবেশপত্রসহ সশরীর উপস্থিত হতে হবে।

প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় মূল নম্বরপত্রগুলো (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়েছে, ওই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মূল নম্বরপত্র ও সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া মূল প্রশংসাপত্র জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের ১ (এক) সেট ফটোকপি জমা দিতে হবে।

মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মূল সনদ এবং উপজাতি কোটার ক্ষেত্রে প্রার্থীদের নিজ নিজ সার্কেল চিফ/জেলা প্রশাসক থেকে পাওয়া সনদের ফটোকপি জমা দিতে হবে।

ওয়ান স্টেপ পদ্ধতি কী

প্রথমবারের মতো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়ান স্টেপ পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। শিক্ষার্থীরা এক জায়গায় কাগজপত্র জমা দেবেন, যেখানে সংশ্লিষ্ট ডিন, প্রভোস্ট, বিভাগের সভাপতির সমন্বয়ে একসঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত ফি একসঙ্গে জমা দেবেন। মূলত শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।