গণিত: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ে ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নের ওপর। ১৬টি প্রশ্ন থাকবে, ১৬টিরই উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১৬।
প্রশ্ন: গুণ্য, গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে?
উত্তর: শূন্য অথবা এক হলে।
প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাকে কী বলে?
উত্তর: গুণ্য।
প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয়, তাকে কী বলে?
উত্তর: গুণক।
প্রশ্ন: ভাজক ১, ভাজ্য ১, ভাগফল ১ হলে, ভাগশেষ কত হবে?
উত্তর: ০ ।
প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে?
উত্তর: ভাজ্য।
প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয়, তাকে কী বলে?
উত্তর: ভাজক।
প্রশ্ন: ‘ভাগশেষ < ভাজক’ এর অর্থ কী?
উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট।
প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায়, তাকে কী বলে?
উত্তর: ভাগফল।
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: প্রথমে।
প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।
প্রশ্ন: একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, খ-এর মান কত?
উত্তর: চার।
প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু।
প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
প্রশ্ন: সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কী বলে?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।
প্রশ্ন: গুণিতক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাকে ওই সংখ্যার গুণিতক বলে।
প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং শুধু ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে।
প্রশ্ন: যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে কী ভগ্নাংশ বলে?
উত্তর: অপ্রকৃত ভগ্নাংশ।
প্রশ্ন: পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?
উত্তর: মিশ্র ভগ্নাংশ
প্রশ্ন: ‘এর’ ও ‘×’ মধ্যে অর্থের পার্থক্য কী?
উত্তর: একই অর্থ, কোনো পার্থক্য নেই। তবে ‘এর’ এর হিসাব অন্য কাজগুলোর (×, , +, -) আগে করতে হয়।
প্রশ্ন: শতকরা কী?
উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।
প্রশ্ন: যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কী বলে?
উত্তর: ট্রাপিজিয়াম।
প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কী বলে?
উত্তর: সামান্তরিক।
প্রশ্ন: অধিবর্ষ বলতে কী বোঝায়?
উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব।
প্রশ্ন: ক্যালকুলেটর বলতে কী বোঝায়?
উত্তর: ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।
রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা