পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢোকার সময় নেওয়া যাবে না—এমন উপকরণ অভিভাবকের কাছে রেখে যাচ্ছে শিক্ষার্থী। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢোকার সময় নেওয়া যাবে না—এমন উপকরণ অভিভাবকের কাছে রেখে যাচ্ছে শিক্ষার্থী। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিল ২০২৬

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে নয়, মত অংশীজনদের

পরবর্তী (২০২৭ সালের) এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনেরা বলছেন ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শ এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেওয়া যেতে পারে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন মতামত উঠে আসে। বৈঠকে উপস্থিত দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁদের সঙ্গে কথা বলে মনে হয়েছে ২০২৭ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে হবে না, পরবর্তী বছরই হবে।

এসএসসি পরীক্ষা শুরুর আগে বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে এই শিক্ষার্থী

এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এই দুই পরীক্ষায় সারা দেশে লাখ লাখ শিক্ষার্থী অংশ নেন। বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে, তার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং আরও পিছিয়েছে। চলতি বছরের (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আগামী ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাই মাসে।

এ পরিস্থিতিতে সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ভবিষ্যতে এই দুই পরীক্ষায় বিষয় কমানোর প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

তবে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এখন আজকের অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত এসেছে। অনলাইনে এই সভায় যুক্ত হয়ে একজন শিক্ষার্থী বলল, হুট করে এ বছরের ডিসেম্বরে পরীক্ষা নিলে প্রস্তুতিতে ঘাটতি হবে।

এইচএসএসি পরীক্ষার বিষয়ে আরেকজন বলেন, গত বছরের (২০২৫) একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল ওই বছরের ১৫ সেপ্টেম্বর। সুতরাং ডিসেম্বরে পরীক্ষা নিতে গেলে পাঠ্যসূচিই শেষ হবে না।

বৈঠকে অংশ নেওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পক্ষে মত পেয়েছেন।

ঊর্ধ্বতন আরেকজন কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষেও মতামত এসেছে।

বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। তবে উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে। আবার দেশে উচ্চশিক্ষার সেশনও শুরু হয় জুলাই থেকে। তাই শিক্ষাবিদেরা বলে আসছেন বছরের একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া গেলে তা ইতিবাচক হবে। কিন্তু সেই কাজটি করতে হবে সমন্বিতভাবে। তবে হুটহাট করে নয়, পরিকল্পিতভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।