বোর্ডে টানানো এসএসসির ফল দেখতে হলিক্রসে ভিড়

ফল টানানো বোর্ডটি আনার পর অনেক অভিভাবক বোর্ডের সামনে গিয়ে ফল দেখেন।
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

রাজধানীর হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে গিয়ে পরিবেশটা অন্যান্য দিনের মতোই দেখা গেল। সন্তানের ক্লাস বা পরীক্ষা শেষের অপেক্ষায় গাছের ছায়ায় বসে আছেন কয়েকজন অভিভাবক। একজন নিরাপত্তা প্রহরীর কাছে জানতে চাওয়া হলো, এসএসসির ফল প্রকাশের আয়োজন কোথায় হবে? ওই নিরাপত্তাকর্মীর উত্তর, ‘এখন তো আর আগের মতো বোর্ডে টানানো রেজাল্ট দেখতে কেউ আসে না। সবাই অনলাইনে ফল দেখে, তারপরে স্কুলে অনেকে আসে, অনেকে আবার আসেও না।’

আরেকটু এগিয়ে অভিভাবকদের বসার ছাউনির নিচে একজনকে পাওয়া গেল। তাঁর নাম ফিরোজ আসাদুল হক। তাঁর মেয়ে হলিক্রস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সেখানে বসেই মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে তিনি ফল জানার চেষ্টা করছিলেন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২। এই ফল দেখতেই হলিক্রসে ভিড় জমেছিল শিক্ষার্থী ও অভিভাবকদের।

বাসা থেকে ফল জেনে আবার স্কুলের বোর্ডে টানানো ফল দেখতে ছুটে এসেছে এই স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী সুনন্দা সোম। তাঁর মা নিরুপমা মণ্ডল হলিক্রস স্কুলের শিক্ষিকা।

সুনন্দা সোম বলে, ‘বাসায় একা ছিলাম। অনেক দুশ্চিন্তা হচ্ছিল। যদি এ প্লাস না পাই তাহলে কেমন হবে? এসব নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। পরে যখন ফল জানলাম, তখন সঙ্গে সঙ্গে মা ও বাবাকে জানাই। আর স্কুলে যেহেতু মা আছে, তাই মায়ের কাছে চলে এসেছি।’

এসএসসির ফল পেয়ে উচ্ছ্বিসত শিক্ষার্থীরা।

স্কুলে ছুটে এসেই মাকে জড়িয়ে ধরে সুনন্দা। এ সময় মা ও মেয়ে দুজনের চোখেই আনন্দের অশ্রু দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে হলিক্রস স্কুলের কয়েকজন শিক্ষিকা অফিস কক্ষের সামনে কাগজের ফুল দিয়ে নোটিশ বোর্ড সাজানোর কাজ করছেন। পরে ১২টা ৫০ মিনিটে বোর্ডটি অভিভাবক ছাউনির নিচে নিয়ে এসে ফল টানানো হয়।

তখনো হাতে গোনা কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক ছাড়া কেউ ছিলেন না। তবে ফল টানানো বোর্ডটি আনার পর অনেক অভিভাবক বোর্ডের সামনে গিয়ে ফল দেখেন। তাঁদের অধিকাংশই স্কুল থেকে সন্তানের ছুটির অপেক্ষা করছিলেন। এমন একজন অভিভাবক রোকসানা আহমেদ বলেন, ‘আমার মেয়ে এই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে। তাতে কি, এই মেয়েরাও আমাদেরই মেয়ে। ফল কেমন হয়েছে, সেটা দেখলাম। খুবই ভালো লাগছে।’

ফল টানানোর সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে ছুটে যান ফিরোজ আসাদুল হকও। যদিও বোর্ডে টানানোর কিছুক্ষণ আগেই এক আত্মীয়ের মাধ্যমে জেনে গিয়েছিলেন যে মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তবু বোর্ডে দেখে যেন তিনি নিজ চোখে মেয়ের ফল দেখার স্বাদ নিলেন।

আমার মেয়ে এই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে। তাতে কি, এই মেয়েরাও আমাদেরই মেয়ে। ফল কেমন হয়েছে, সেটা দেখলাম। খুবই ভালো লাগছে।
রোকসানা আহমেদ, অভিভাবক

পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়ে ভালো ফল করেছে, আমি অনেক খুশি। আমার বড় দুই ছেলে বুয়েট থেকে পাস করে এখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছে। মেয়েও তাঁর বড় দুই ভাইয়ের মতো ভালো পড়াশোনা করুক, ভালো ফল করুক, এই আশীর্বাদ করি।’ তাঁর মেয়ে নওশিন নাওয়ার একটি বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিল, তাই প্রথমে স্কুলে আসেনি। ফল হাতে পেয়ে এখন স্কুলের দিকে আসছে বলেও জানান তিনি।

বোর্ডে ফল টানানোর আগেই মেয়ের ফল জানতে পারেন আরেক অভিভাবক শীতল উইলিয়াম কস্তা। তাঁর বড় মেয়ে শাইনী অ্যানোলোরা কস্তা বাণিজ্য বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

ফল জানার পর স্কুলে যায় শাইনী। প্রথম আলোকে সে বলে, ‘গণিতের অবজেকটিভ পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা ছিল। এ ছাড়া প্রথম পরীক্ষা যেহেতু বাংলা ছিল, ওই পরীক্ষা নিয়েও দুশ্চিন্তা হচ্ছিল। যখন অনলাইনে ফল জানলাম, খুব ভালো লেগেছে।’

শিক্ষকদের সঙ্গে উচ্ছ্বিসত শিক্ষার্থীরা।

দুপুর একটার দিকে মায়ের সঙ্গে স্কুলে আসে ফিরোজের মেয়ে নওশিন নাওয়ার। নওশিন বলে, ‘জীববিজ্ঞান পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা ছিল। মনে হচ্ছিল গোল্ডেন এ প্লাস হয়তো আসবে না। কিন্তু ওই বিষয়ে ৯২ পেয়েছি। আমি অনেক খুশি।’

নওশিনের মা মাসুদা খানম মৎস্য অধিদপ্তরের উপপরিচালক। ফল অনলাইনে জেনে অফিস থেকে ছুটে গেছেন বাসায়। পরে মেয়েকে নিয়ে সোজা চলে আসেন স্কুলে। তিনি বলেন, ‘যখন ফল জানতে পেলাম, সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করি। সে বাসায় আছে বলে জানায়। পরে তাকে নিয়ে স্কুলে চলে এসেছি। খুব ভালো লাগছে।’

বোর্ডে ফল টানানোর কিছুক্ষণ পর স্কুলে যান মুক্তি চক্রবর্তী। সঙ্গে মেয়ে অর্পিতা চক্রবর্তী। ফল জেনে তাঁরা নাখালপাড়ার বাসা থেকে স্কুলে চলে আসেন।

মুক্তি চক্রবর্তী বলেন, ‘মেয়েকে বলেছিলাম, চল আগেই স্কুলে যাই। মুঠোফোনে ফল দেখার চেষ্টা করব, নয়তো বোর্ডে টানালে দেখে নেব। কিন্তু মেয়ে দুশ্চিন্তা করছিল। তাই আগে আসা হয়নি।’

শিক্ষার্থীদের ফলে আমরা অনেক খুশি। কারণ, করোনাকালীন অনেক রকম প্রতিকূলতা ছিল। এ সবকিছুকে ছাপিয়ে তারা খুব ভালো ফল করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ত্রিমুখী প্রচেষ্টায় সার্বিক সফলতা এসেছে।
শ্রীমন্ত পিউস রড্রিক্স, জ্যেষ্ঠ শিক্ষক

বোর্ডে ফল টানানোর পর পরীক্ষার্থী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে শুরু করে। যদিও দুপুরের দিকে তেমন শিক্ষার্থী ও অভিভাবক কেউই ছিল না। শিক্ষার্থীরা এসে প্রথমে শিক্ষকদের খুঁজছিল। তাঁদের কাছে আশীর্বাদ নিচ্ছিল। শিক্ষক-শিক্ষিকারাও তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস করে তারা।

হলিক্রস কলেজে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ২৫৪ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ২২৯ জন আর এ পেয়েছে ২৫ জন। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৫৬ জনের সবাই এ প্লাস পেয়েছে। মানবিক বিভাগের ১৮ জন এ প্লাস এবং ১৩ জন এ গ্রেড পেয়েছে। বাণিজ্য বিভাগের ৫৫ জন এ প্লাস এবং ১২ জন এ গ্রেড পেয়েছে। গত বছর এই স্কুল থেকে ২২০ জন এ প্লাস এবং ১৪ জন এ গ্রেড পেয়েছিল।

প্রধান শিক্ষক সিস্টার রানি ক্যাথরিন গোমেজের পক্ষে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক শ্রীমন্ত পিউস রড্রিক্স বলেন, ‘শিক্ষার্থীদের ফলে আমরা অনেক খুশি। কারণ, করোনাকালীন অনেক রকম প্রতিকূলতা ছিল। এ সবকিছুকে ছাপিয়ে তারা খুব ভালো ফল করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ত্রিমুখী প্রচেষ্টায় সার্বিক সফলতা এসেছে।’