অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫। প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রতিটিতে ২ নম্বর, উত্তর করতে হবে ৮টি প্রশ্নের

প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।

উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—

১. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।

২. যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলা।

৩. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।

প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?

উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।

প্রশ্ন: শক্তির ৫টি রূপের নাম লেখো।

উত্তর: শক্তির ৫টি রূপের নাম হলো—

১. বিদ্যুৎশক্তি

২. আলোক শক্তি

৩. তাপশক্তি

৪. শব্দশক্তি

৫. যান্ত্রিক শক্তি।

প্রশ্ন: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?

উত্তর: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো—

১. পরিবহন ২. পরিচলন ও ৩. বিকিরণ

প্রশ্ন: কীভাবে আলো সঞ্চালিত হয়?

উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

প্রশ্ন: পরমাণু কী?

উত্তর: পরমাণু হলো এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।

প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।

প্রশ্ন: পানির কয়টি অবস্থা?

উত্তর: পানির তিনটি অবস্থা। এ তিনটি অবস্থা হলো—

১. বরফ ২. পানি ও ৩. জলীয় বাষ্প।

প্রশ্ন: বিকিরণ কী?

উত্তর: যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তা–ই বিকিরণ।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণের ৩টি উপায় বর্ণনা করো।

উত্তর: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো—

১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ: রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতি। চাল, ডাল, গম, শুঁটকি ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

২. লবণ দিয়ে সংরক্ষণ: মাছ, মাংস ও অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।

৩. ফ্রিজে সংরক্ষণ: মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?

উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্যের অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া ও দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়।

প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?

উত্তর: আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন।

প্রশ্ন: জাঙ্কফুড কী?

উত্তর: জাঙ্কফুড হচ্ছে একধরনের কৃত্রিম খাদ্য, যাতে চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়।

প্রশ্ন: কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, তার পাঁচটি উপায় লেখো।

উত্তর: নিচের উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—

১. সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা।

২. হাত জীবাণুমুক্ত রাখা।

৩. পচা–বাসি খাবার গ্রহণ না করা।

৪. হাঁচি–কাশির সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা।

৫. চারপাশের পরিবেশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা।

প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?

উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ, যা রোগীর হাঁচি–কাশি কাপড়চোপড় বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?

উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের

কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা–বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।

প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?

উত্তর: এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।

প্রশ্ন: পানিবাহিত দুটি রোগের নাম লেখো।

উত্তর: পানিবাহিত দুটি রোগের নাম হলো—

১. ডায়রিয়া ও

২. টাইফয়েড।

প্রশ্ন: তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।

উত্তর: তিনটি ছোঁয়াচে রোগ হলো—

১. ফ্লু, ২. ইবোলা ও ৩. হাম।

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কী পরিবর্তন হয়ে থাকে?

উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন হয়ে থাকে।

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা