কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাস ৭৮.৪২%

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪২
ছবি: বাসস

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪২।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৫ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন। পাসের হার ৭৮ দশমিক ৪২।

এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭৯। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ১৪।

এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ দশমিক ৮৪। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৮ হাজার ৬৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫৬ হাজার ২৫২ জন।

মানবিক বিভাগে পাসের হার ৬১ দশমিক ৮৪। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৪ হাজার ২৯২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৭০৪ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৯ দশমিক ১১। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৯ হাজার ৭৩৮ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৭ হাজার ২৬০ জন।

এবার এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-ও পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। জিপিএ-ও পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭০৫ জন ও ছাত্রী ৬ হাজার ৯১৮ জন।

সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, করো না-পরবর্তী সময়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হয়। এতে বিগত কয়েক বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক ভাবে কম।

মো. আসাদুজ্জামান জানান, শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ৮২ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে।