পরামর্শ
তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাইয়ের ২ তারিখে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা। মনে রাখতে হবে, এটি তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা পরীক্ষার প্রস্তুতি এরই মধ্যে শেষ করে ফেলেছ। এখন শুধু রিভিশন দেওয়ার সময়, ভুলগুলো শুধরে নেওয়ার সময়। ঈদের ছুটি শেষ হয়েছে। এখনো ৩০ দিন সময় হাতে পাবে, তা কীভাবে ব্যয় করবে, তা জেনে নাও।
∎ আত্মবিশ্বাস রাখবে মনে
তোমার পরীক্ষা ভালো হবে, নিজের মনে অবশ্যই আত্মবিশ্বাস রাখবে। কারণ, সারা বছর তুমি ভালোভাবে পড়েছ, প্রস্তুতি নিয়েছ। আর ঠিক এ কারণেই তোমার পরীক্ষা ভালো হবে আশা করি। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না। অযথা দুশ্চিন্তা করলে মনের উপর চাপ পড়বে।
∎ রিভিশন দাও
তোমাদের সবার পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে। তারপর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র আবশ্যিক বিষয়ের পরীক্ষা। এটি সবার জন্য আবশ্যিক বিষয়। তাই এ কয়েকটি বিষয়ে ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই বইগুলো হাতের কাছে রাখবে। যখন যে বিষয় রিভিশন দেওয়ার জন্য মন টানবে, তখন যেন তা সহজেই রিভিশন দিতে পারো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সব বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তাই মনোযোগসহকারে এ বিষয়টি রিভিশন দেওয়া প্রয়োজন। এতে তোমার প্রস্তুতি আরও ভালো হবে।
প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনির জন্য সময় বরাদ্দ ৩০ মিনিট। ৭০ নম্বরের সৃজনশীলে সময় বরাদ্দ ২ ঘণ্টা ৩০ মিনিট।
∎ ভুলগুলো ঠিক করে নাও
তুমি ঈদের ছুটিতে রিভিশন দেওয়ার সময় নোটখাতায় অনেক দরকারি তথ্য লিখে রেখেছিলে। যার মধ্যে অনেক তথ্য ছিল, যা এখন শুধরে নাও। বড় ধরনের কিছু থাকলে তা পড়তে পারবে বা প্রয়োজনের সময় তা সমাধান করে নিতে পারবে। মনে করে পরীক্ষার আগে তা ঠিক করে নাও। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের সহায়তা নিতে পারো। এতে তোমার প্রস্তুতি আরও ভালো হবে।
∎ শরীরের দিকে নজর দাও
ঈদ শেষে এখন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তোমরা পুরোপুরি প্রস্তুত। তাই নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে। কারণ, গরম বেশি পড়ছে, যখন–তখন বৃষ্টি হচ্ছে। ভ্যাপসা গরম পড়ছে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাবে না। বেশি রোদে যাবে না। শরীর অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সচেতন থাকতে হবে।
∎ দরকারি জিনিসপত্র
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দরকারি জিনিসপত্র তুমি অাস্তে আস্তে গুছিয়ে নাও।
যেমন কয়েকটা কলম, পেনসিল, রাবার, কাটার, রাইটিং বোর্ড, স্কেল ইত্যাদি। আর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র তোমার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নির্ধারিত সময়ে সংগ্রহ করে নেবে। প্রবেশপত্রটি তোমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কবে বিতরণ করবে, তার তারিখ অবশ্যই জেনে নেবে।
∎ অভিভাবকদের প্রতি
পরীক্ষার আগের কয়েকটা দিন আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। যেমন সময়মতো পড়তে বসছে কি না, কতটা সময় মুঠোফোন দেখছে, পরিমিত ঘুম, সময়মতো খাবার খাচ্ছে কি না ইত্যাদি। গরমের সময় বেশি ঠান্ডাজাতীয় খাবার সন্তানকে খেতে দেবেন না। গরম–ঠান্ডার কারণে খাবারে অনিয়ম হলে অসুস্থ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই একটু সাবধান থাকতে হবে। কারণ, শরীর খারাপ হলে পরীক্ষায় ছাপ পড়তে পারে।
# পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে তোমার জন্য নির্ধারিত আসনটি গ্রহণ করবে।
# প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশটি হবে।
# ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৩০ মিনিট।
# ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
# ব্যবহারিক পরীক্ষা–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য সময় বরাদ্দ ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় বরাদ্দ ২ ঘণ্টা ৩৫ মিনিট।
মো. জসিম উদ্দীন বিশ্বাস, সহকারী অধ্যাপক
ঢাকা েরসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা