দাখিল পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা
দাখিল পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন ১৬ কর্মকর্তা

২০২৬ সালের দাখিল পরীক্ষার অগ্রিম প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য মাদ্রাসা বোর্ডের ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাভেদে এসব কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালন করবেন। তাঁরা পরিদর্শন করে কেন্দ্রের অসংগতি ও সিসি ক্যামেরা–সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জন্য বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক; চাঁদপুর জেলার জন্য বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ; সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান; নোয়াখালী জেলার জন্য বোর্ডের মাদ্রাসা পরিদর্শক অধ্যাপক মো. আবদুল মান্নান; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জন্য বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ, //////নাটোর///////// দায়িত্ব পালন করবেন।

নওগাঁ ও বগুড়া জেলার জন্য বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মহাতাব হোসেন; ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জন্য বোর্ডের উপরেজিস্ট্রার মো. আবদুর রশিদ; সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার জন্য বোর্ডের উপরেজিস্ট্রার মো. জিয়াউর রহমান; কুমিল্লা জেলার জন্য বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ হেদায়েত উল্লাহ, নেত্রকোনা জেলার জন্য বোর্ডের উপ-মাদ্রাসা পরিদর্শক-১ মো. আকরাম হোসেন পরিদর্শনে যাবেন।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য বোর্ডের উপপরিদর্শক-২ শরীফ মুহাম্মদ ইউনুছ; রংপুর জেলার জন্য বোর্ডের উপপরিদর্শক মো. মোশারফ হসেন; শেরপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন; গাজীপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মো. জাহিদুল হক ছিদ্দিকী; চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মামুন-অর-রশিদ এবং বান্দরবান জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার তানজারুল ইসলাম মিশু দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, এ কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শনের জন্য বিধি মোতাবেক টিএ/ডিএ পাবেন। কেন্দ্র পরিদর্শনের জন্য প্রয়োজনে বোর্ডের যেকোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত বা পরিবর্তন করা হতে পারে। কেন্দ্র পরিদর্শন করে আলাদা আলাদাভাবে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।

পরিদর্শন বইতে পরিদর্শন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্রসচিব স্বাক্ষর করবেন এবং এর ছায়াকপি পরিদর্শন প্রতিবেদনের সঙ্গে জমা দেবেন। কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের পরিদর্শন বইতে কেন্দ্রের অসংগতি ও সিসি ক্যামেরা–সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অফিস আদেশে বলা হয়, মাদ্রাসা বোর্ড কর্মকর্তাদের যাতায়াত ব্যবস্থা করলে কর্মকর্তারা যাতায়াত ভাতা পাবেন না। পরিদর্শন না করলে বিল দাখিল করা যাবে না।