
এইচএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিনে আজ রোববার ১১টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪১৯ জন পরীক্ষার্থী। এ দিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৯৮ শতাংশ। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৪৫ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আজ আটটি শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে আজ রোববার চট্টগ্রাম মহানগরের ২৭ কেন্দ্রে ১ ঘণ্টা পরে পরীক্ষা শুরু হয়।
১১টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ১ হাজার ৮৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহীতে ১ হাজার ৩৯ জন, কুমিল্লায় ৬৪৯, যশোর শিক্ষা বোর্ডে ৭০৯, চট্টগ্রামে ৪৪৫, সিলেটে ৫২৪, বরিশালে ৪৪২, দিনাজপুরে ৮৪৬, ময়মনসিংহে ৪১৫, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯২৭ এবং কারিগরি শিক্ষা বোর্ড ১ হাজার ৫৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারা দেশে ৪৫ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লায় ৪, যশোরে ১, বরিশালে ৬, দিনাজপুরে ১, ময়মনসিংহে ৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ এবং কারিগরি শিক্ষা বোর্ড ২৬ পরীক্ষার্থী রয়েছেন। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে একজনও বহিষ্কার হননি।