ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সূচি প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তিতে ঢাকা শিক্ষা বোর্ড নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বোর্ডের নিশ্চায়নপ্রক্রিয়া সম্পন্ন করা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য ফরম পূরণ করতে হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের নিশ্চায়নপ্রক্রিয়া সম্পন্ন করার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত সব আবেদনকারী ভর্তিতে আবেদন করতে পারবে।

এই প্রতিষ্ঠানের ছাত্রীদের তথ্য ফরম পূরণে আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

বহিরাগত ছাত্রীদের তথ্য ফরম পূরণে আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

ফরম পূরণের নিয়ম

বোর্ড নির্ধারিত নিশ্চায়নপ্রক্রিয়া সম্পন্ন করার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত সব আবেদনকারীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তথ্য ফরম পূরণ করতে হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য ফরমটি যথাযথভাবে ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে।

শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের এ তথ্য ফরম পূরণ করতে হবে। তবে এটি চূড়ান্ত ভর্তি ফরম নয়। প্রতিষ্ঠানের ভর্তি-সংক্রান্ত অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করার জন্য এ তথ্য ফরম ব্যবহার করা হবে।

চূড়ান্ত ভর্তি যেভাবে

ঢাকা শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফল অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য ফরমে দেওয়া মুঠোফোন নম্বরে স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর চূড়ান্ত ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে ওই স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করতে হবে। এ ছাড়া অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সেটি সংগ্রহ করতে হবে। পরে ভর্তি নোটিশে উল্লেখিত নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্রসহ ভর্তি ফরম জমা দিতে হবে।

শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা

তথ্য ফরম পূরণের সময় প্রতিষ্ঠানে কোনো ফি প্রদান করতে হবে না।

* ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভর্তিতে আবেদনসহ বিস্তারিত জানতে এখানে দেখুন