শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে নতুন পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে পরীক্ষার সময়সূচি-২০২৬ এর অর্ধবার্ষিক, প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন (রোববার) থেকে ১৩ জুলাইয়ের (সোমবার) পরিবর্তে ১ জুলাই (বুধবার) শুরু করে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। নির্দেশনা মেনে চলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।