নবায়নযোগ্য জ্বালানিতে তরুণদের উদ্ভাবনী ভাবনা খুঁজছে টিআইবি

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে তরুণদের উদ্ভাবনী ভাবনা আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি: তারুণ্যের উদ্ভাবন’ শীর্ষক আইডিয়া কনটেস্ট ২০২৬ আয়োজনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

টিআইবি বলছে, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও আপডেটেড এনডিসি-২০২১ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জ্বালানি মিশ্রণে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি রয়েছে।

যাঁরা অংশ নিতে পারবেন

দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এককভাবে অথবা সর্বোচ্চ দুই সদস্যের দল গঠন করে অংশ নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থীদের একটি স্বতন্ত্র দলের নাম নির্ধারণ করতে হবে। তবে ২০২৪ সালের প্রতিযোগিতায় জমা দেওয়া কোনো আইডিয়া পুনরায় ব্যবহার করলে তা অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রতিযোগিতার ধাপগুলো

প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপ: অংশগ্রহণকারী প্রার্থীদের সর্বোচ্চ ৪০০ শব্দের মধ্যে বাংলা বা ইংরেজিতে আইডিয়া জমা দিতে হবে। এতে পরিপ্রেক্ষিত, উদ্দেশ্য, প্রস্তাবনার সারসংক্ষেপ, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় বিষয় উল্লেখ থাকতে হবে।

জমা পড়া প্রস্তাবনা থেকে বিচারকদের মাধ্যমে সেরা ৩০টি দল বা প্রতিযোগীকে দ্বিতীয় ধাপে নির্বাচিত করা হবে। তাঁরা অনলাইনে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নিজেদের আইডিয়া তুলে ধরবেন।

দ্বিতীয় ধাপ: নির্বাচিত সেরা ১০টি দলকে মেন্টরের সহায়তায় আইডিয়া উন্নয়নের সুযোগ দেওয়া হবে এবং তিন দিনব্যাপী আবাসিক চূড়ান্ত পর্বে অংশ নিতে হবে।

শেষ ধাপ: চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি দলকে ক্রেস্ট ও সনদের পাশাপাশি অর্থ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ১ লাখ ৫০ হাজার টাকা, প্রথম রানার আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ ৭৫ হাজার টাকা পাবেন।

গুরুত্বপূর্ণ সময়সূচি

প্রাথমিক আইডিয়া জমা দেওয়ার শেষ সময়: ৩১ মে ২০২৬।

প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে ১ থেকে ৪ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপের উপস্থাপনা হবে ১০ থেকে ১৪ জুন। আর চূড়ান্ত আবাসিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ জুন।

বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে টিআইবির ওয়েবসাইটে