জ্বালানির প্রাপ্যতা–সংকট দূর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলমান অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের সব অনলাইন ক্লাস ও অন্য অনলাইন কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীর পাঠদান কার্যক্রম চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে আপৎকালীন সময়ে অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু ও ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে এখন থেকে প্রতি মাসে নিয়মিত একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ এপ্রিল একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় সরকারের ব্যয়সংকোচন নীতিমালার অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।