সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মো. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মো. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য জিয়াউর রহমান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াউর রহমান চৌধুরী। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জিয়াউর রহমান চৌধুরীকে কয়েকটি শর্তে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। শর্তগুলো হচ্ছে—

এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি উপাচার্য পদে যোগদানের আগে সরকারি চাকরি থেকে অব্যাহতি নেবেন এবং উপাচার্য হিসেবে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন আহরণ করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এ ছাড়া উপাচার্য হিসেবে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত উপাচার্য জিয়াউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সবার সহযোগিতায় দায়িত্ব পালনের মাধ্যমে চিকিৎসা-শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, চিকিৎসাসেবাসহ সব ধরনের কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সব সময় আমার চেষ্টা থাকবে।

২০১৮ সালের ১ অক্টোবর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই বছরের ২০ নভেম্বর প্রথম উপাচার্য নিযুক্ত করার মাধ্যমে নগরের চৌহাট্টা এলাকার অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা এলাকায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তবে প্রথম উপাচার্যের আমলে বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ১ এপ্রিল তৎকালীন উপাচার্য, রেজিস্ট্রারসহ ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলাও করেছে।