
এবার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ায় অবস্থিত ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন বলে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।