ঢাকা কলেজ, তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজে ১০ তলা ভবন হলেও নেই লিফট। ব্যবহার করা যাচ্ছে না ওপরের তলাগুলো।
প্রকল্পের শুরু ২০১০ সালে। বর্ধিত মেয়াদ শেষ আগামী জুনে।
প্রকল্পের ব্যয় ১৬৯০ কোটি টাকা।
মোট ভবন ২০৮টি। ১৮০টি ভবনের নির্মাণকাজ শেষ।
২২টি কলেজে ১০ তলাবিশিষ্ট ২৬ ভবন নিয়ে বেশি সমস্যা।
ঢাকা কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করে বাঁ পাশে চোখে পড়ল বহুতল একটি ভবন। ১০ তলা এ ভবনের নবম ও দশম তলায় মনোবিজ্ঞান ও অষ্টম তলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাইনবোর্ড। সপ্তম তলায় দর্শন বিভাগ। আছে আরও একাধিক বিভাগের সাইনবোর্ড।
তবে ভেতরে গিয়ে দেখা গেল, ওপরের তলাগুলোয় সাইনবোর্ড থাকলেও কার্যক্রম চালু নেই। ৬ তলা থেকে ১০ তলা পর্যন্ত অধিকাংশ শ্রেণিকক্ষই অব্যবহৃত। কিছু শৌচাগার প্রায় ব্যবহারের অনুপযোগী। কোনো কোনো কক্ষে আসবাবও নেই। এত ওপরের তলাগুলো ব্যবহার হবেই–বা কী করে? ১০ তলা ভবন হলেও তাতে নেই কোনো লিফট। অথচ ১১ মাস আগেই এ ভবনের কাজ শেষ হয়েছে।
রাজধানীর তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজে গিয়েও দেখা গেল কাছাকাছি পরিস্থিতি। এই দুই কলেজে ১০ তলাবিশিষ্ট মোট ছয়টি ভবন হয়েছে। নেই লিফট, নেই পার্কিং। ব্যস্ত সড়ক ঘেঁষে ভবন নির্মাণ হওয়ায় রয়েছে শব্দদূষণ।
অবকাঠামোগত সমস্যার কারণে আগে থেকেই কলেজের একাডেমিক কাজে সমস্যা হচ্ছে। কিন্তু লিফট না থাকায় নতুন ভবনটিও ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না।মোহাম্মদ ইউসুফ, কলেজের অধ্যক্ষ
শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্টগ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের’ অধীন এসব ভবনের নির্মাণকাজ হচ্ছে। ভবনের কাজগুলো করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। জেলা পর্যায়ে অবস্থিত ৭০টি কলেজে মূলত অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১০ সালের শেষের দিকে প্রকল্পটি শুরু হয়।
এর প্রাক্কলিত ব্যয় ছিল হাজার কোটি টাকার মতো। সর্বশেষ ব্যয় ঠিক হয়েছে ১ হাজার ৬৯০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ এ বছর শেষ হওয়ার কথা থাকলেও এক বছর বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের অধীনে মোট ২০৮টি ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ২২টি কলেজে ২৬টি ভবন ১০ তলাবিশিষ্ট।
গত ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মূল সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক সভায় মহাপরিচালক নেহাল আহমেদ কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঢাকা কলেজসহ আরও বেশ কিছু কলেজের ১০ তলা ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে অনেক আগে। কিন্তু শুধু লিফট-জেনারেটর স্থাপন না করায় ভবনগুলো ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইইডিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ তদারকির ঘাটতি ছিল উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন তিনি। নগর–পরিকল্পনাবিদেরাও এ নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজশাহী কলেজের কাজটি আগের ঠিকাদারকে বাদ দিয়ে এখন নতুন দরপত্রের মাধ্যমে করার বিষয়টি প্রক্রিয়াধীন।শেখ নাছিম রেজা, রাজশাহীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী
মাউশির সভার সূত্র ধরে ২৬ অক্টোবর ঢাকা কলেজে গিয়ে জানা যায়, ভবন নির্মাণে ৫ তলা থেকে ১০ তলা পর্যন্ত ব্যয় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। নির্মাণকাজ শেষ হয়েছে গত ৬ জানুয়ারি। ভবনের দুই পাশে দুটি লিফটের জায়গা আছে, তবে লিফট নেই। ওপরের তলাগুলো ব্যবহারের অনুপযোগী। তবে কখনো কখনো পরীক্ষা থাকলে আরও এক বা দুটি তলা ব্যবহৃত হয়। কিন্তু সপ্তম থেকে ১০ তলা একেবারেই অব্যবহৃত।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, অবকাঠামোগত সমস্যার কারণে আগে থেকেই কলেজের একাডেমিক কাজে সমস্যা হচ্ছে। কিন্তু লিফট না থাকায় নতুন ভবনটিও ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না।
ভবন নির্মাণেও রয়েছে পরিকল্পনাহীনতার ছাপ। ১৮ দশমিক ৫৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ১৮১ বছরের পুরোনো কলেজটিতে ফাঁকা জায়গা কমে গেছে। এর মধ্যে ১০ তলা ভবনে পার্কিং না থাকায় সামনে সমস্যা প্রকট হতে পারে।
লিফট চালুর বিষয়টি সংশোধনের মাধ্যমে প্রকল্পে এসেছে, ফলে চালু হতে সময় লাগছে। তবে যেসব ভবনের কাজের অগ্রগতি ৬০ শতাংশের ওপরে, সেগুলোতে লিফটের জন্য দরপত্র দেওয়া হয়েছে।মো. দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত)
একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এখন কলেজে শিক্ষকই আছেন ২৪০ জন। অনেকেরই গাড়ি আছে। বাইরে থেকেও অনেকে গাড়ি নিয়ে আসেন। পার্কিং থাকলে এমন সমস্যা হতো না।
২৭ অক্টোবর সকালে মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে গিয়ে দেখা যায়, মূল সড়কের ঠিক পাশেই পাশাপাশি দুটি ১০ তলা ভবন। একটি ভবন তালাবদ্ধ। আরেকটিতে পরীক্ষার জন্য এসেছেন শিক্ষার্থীরা। ভবনটিতে নেই কোনো লিফট। এই প্রতিবেদক ১০ তলা পর্যন্ত হেঁটে ছয়তলা পর্যন্ত ব্যবহারের নমুনা দেখতে পান। কিন্তু সাত থেকে ১০ তলা পর্যন্ত খালি পড়ে আছে। রাস্তার একেবারেই লাগোয়া হওয়ায় যানবাহনের শব্দ তীব্র। কলেজের পেছনে বিপুল পরিমাণ জায়গা থাকলেও ‘সহজ সমাধান’ হিসেবে মাঠের এই জায়গায় ভবন করা হয়েছে।
একই দিনে মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজে গিয়ে জানা গেল, সেখানে ১০ তলা চারটি ভবন হচ্ছে। দুটি ভবন নির্মাণ শেষ। এগুলো করা হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। কিন্তু ভবন দুটিতে লিফট নেই। এ ছাড়া ছাত্রীদের একটি ও ছাত্রদের জন্য আরেকটি হোস্টেল ভবনেও লিফট চালু নেই। ফলে এসব ভবনের সুবিধা পাচ্ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রথমত ১০ তলা ভবনে লিফট নেই, এটি ইমারত বিধিমালার লঙ্ঘন। বহুতলা ভবনে প্রকল্প সংশোধন করে লিফট যুক্ত করার বিষয় নয়, এগুলো শুরুতেই করা উচিত ছিল।আদিল মুহাম্মদ খান, নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক
কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন সম্প্রতি প্রথম আলোকে বলেন, চারটি ভবনের মধ্যে দুটি ভবন আংশিক চালু হয়েছে। এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন বুঝিয়ে দিচ্ছে না। অথচ নির্ধারিত সময় পার হয়ে গেছে অনেক আগেই। ছাত্রীদের হোস্টেল হলেও চালু হয়নি, কারণ কাজ বাকি। আর ছাত্রদের হলের পরিস্থিতি আরও খারাপ। এসব বিষয়ে তাঁরা নিয়মিতই প্রকৌশল দপ্তরকে জানাচ্ছেন।
একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এ ভবনগুলো নির্মাণের কাজটি করছে প্রয়াত সাবেক যুবলীগ নেতা মো. শফিকুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তিনি মারা যাওয়ার পর সমস্যা বেড়েছে।
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১০ তলা ভবন নির্মাণের কাজ আরও পিছিয়ে। সেখানে এখনো ভবন নির্মাণের কাজ চলছে। মেসার্স এস এস অ্যান্ড এমটি (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের কাজ করছে।
কলেজের অধ্যক্ষ সাবিকুন নাহার প্রথম আলোকে বলেন, কাজের গতি ধীর। ক্লাসের সংকট হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েছেন। এমনকি সম্প্রতি দেখা করেও অনুরোধ জানিয়েছেন।
মাউশিতে অনুষ্ঠিত গত আগস্টের সভায় ঢাকার বাইরের কয়েকটি কলেজের ভবন নির্মাণের চিত্র উঠে আসে। সভায় প্রকল্প পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, রাজশাহী কলেজের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ নির্মাণসংক্রান্ত কিছু কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ১০ তলা ভবনের তৃতীয় তলার কিছু কাজের পর তা বন্ধ হয়ে আছে। এ দুটি ভবনের ঠিকাদার আহসানুজ্জামান হাসান।
রাজশাহীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজা প্রথম আলোকে বলেন, রাজশাহী কলেজের কাজটি আগের ঠিকাদারকে বাদ দিয়ে এখন নতুন দরপত্রের মাধ্যমে করার বিষয়টি প্রক্রিয়াধীন।
এ ছাড়া ভোলা সরকারি কলেজে পাঁচতলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত কাজ নিম্নমানের হওয়ায় চতুর্থ ও পঞ্চমতলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে বলে ওই সভায় উল্লেখ করা হয়।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, লিফট চালুর বিষয়টি সংশোধনের মাধ্যমে প্রকল্পে এসেছে, ফলে চালু হতে সময় লাগছে। তবে যেসব ভবনের কাজের অগ্রগতি ৬০ শতাংশের ওপরে, সেগুলোতে লিফটের জন্য দরপত্র দেওয়া হয়েছে।
আর পার্কিংয়ের বিষয়ে তিনি বলেন, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে পার্কিংয়ের ব্যবস্থা নেই। তবে ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন, এটি যথার্থ হয়নি। আর রাস্তার পাশেই ভবন করার বিষয়ে তিনি বলেন, ভবনের জায়গা নির্বাচনের কাজটি নির্ভর করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের ওপর।
সব মিলিয়ে পুরোপুরিভাবে এ প্রকল্পের উদ্দেশ্য পূরণ হচ্ছে না। নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, প্রথমত ১০ তলা ভবনে লিফট নেই, এটি ইমারত বিধিমালার লঙ্ঘন। বহুতলা ভবনে প্রকল্প সংশোধন করে লিফট যুক্ত করার বিষয় নয়, এগুলো শুরুতেই করা উচিত ছিল।
এগুলো পরিকল্পনার ভুল। এ কাজে যাঁরা যুক্ত, তাঁদের দায় আছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের নকশা করতে হলে মৌলিক কিছু বিষয় মানতে হয়। যেখানে জায়গা আছে, সেখানে রাস্তার নির্ধারিত দূরত্বে ভবনগুলো করতে হয়। সরকারি বাঙলা কলেজে জায়গা থাকার পরও রাস্তার পাশে ভবন করা ত্রুটিপূর্ণ নকশা। এ ত্রুটির জন্য আগামী ৫০ থেকে ৬০ বছর ধরে শিক্ষক-শিক্ষার্থীদের ভুগতে হবে।