দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর সরাসরি দলীয় ছাত্ররাজনীতি করা নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই পক্ষে-বিপক্ষে নানা রকম আলোচনা হচ্ছে। এ আলোচনায় মন্ত্রীরাও যেমন যুক্ত হয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তা, ছাত্র-শিক্ষক, ছাত্রসংগঠনের নেতাদের মধ্যেও এ আলোচনা চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনের কমিটি গঠন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে উদ্বেগও জানাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান শেখ কবির হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

প্রথম আলো: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতর সরাসরি দলীয় রাজনীতি করা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। এর মধ্যেই কতগুলো বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ছাত্রসংগঠনের কমিটিও গঠন করা হয়েছে। এ নিয়ে আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তিও জানিয়েছে। এ বিষয়কে আপনি কীভাবে দেখছেন?
শেখ কবির হোসেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি দলীয় ছাত্ররাজনীতি নেই। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলে আসছে। একটি সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলো চলছে। আমি মনে করি, এটাই ভালো। বিশ্ববিদ্যালয়গুলো চালায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। তারা অর্থ সংযোজন করে এবং শিক্ষার্থীদের কাছ থেকে টাকা (ফি) নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করা হয়। ছাত্ররাজনীতি না থাকলেও বিভিন্ন ক্লাব কিন্তু আছে। এসব ক্লাবের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড, যেমন খেলাধুলা, সেমিনার, কর্মশালা ইত্যাদি কর্মকাণ্ড চালু আছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি বা গোলমাল নেই। সুন্দরভাবে চলছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বা ট্রাস্টি বোর্ড গঠনসংক্রান্ত আইনকানুনে কি দলীয় ছাত্ররাজনীতি করতে কোনো নিষেধ আছে?
শেখ কবির হোসেন: বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ উপাচার্যসহ অন্য যাঁরা আছেন, তাঁরা মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি না থাকাই ভালো। বাইরে করলে করুক। বাইরে করতে তো আর অসুবিধা নেই, ভেতরে না করাই ভালো। এ ছাড়া শিক্ষামন্ত্রী দীপু মনিও বলেছেন, ছাত্ররাজনীতি করবে বা করবে না—এ রকম কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকেও দেওয়া হয়নি। আমরা তাঁকে সাধুবাদ জানাই। এত দিন ধরে যেটি চালু হয়ে আসছে, এটাই চালু থাকা ভালো। এতে তো কোনো অসুবিধা হচ্ছে না।
কেউ কেউ বলছেন, সুষ্ঠু রাজনৈতিক চর্চা থাকতেই পারে, সেখানে নিষিদ্ধ করে রাখাটা কতটুকু যুক্তিসংগত? এ বিষয়ে আপনি কী বলবেন?
শেখ কবির হোসেন: রাজনৈতিক চর্চা তো সুষ্ঠুভাবে হয় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও হয় না। সরকারি বিশ্ববিদ্যালয়ে কি রাজনৈতিক চর্চা সুষ্ঠুভাবে হচ্ছে? আমাদের (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসের ভেতর দলীয় রাজনীতি না করেও মেধার বিকাশের চর্চাগুলো হয়। যেমন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্লাব আছে, এর মাধ্যমে বিভিন্ন চর্চা হয়। অর্থাৎ যুক্তিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ, শরীরচর্চা, খেলাধুলা—সবকিছুই চলে। এটাই তো ভালো চর্চা বলে মনে হয়। এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেটা করার করবে। আর উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিচালনা করেন। অতএব তাঁরা যেটিতে সন্তুষ্ট থাকবেন, সেটিই করা ভালো।