কানাডায় পড়তে গেলে প্রথম ৭ দিনে যা যা করবেন

নতুন দেশ মানেই নতুন পরিবেশ, নতুন মানুষ। এর মধ্যে জীবন শুরু করা একই সঙ্গে উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন দেশে মানিয়ে নিতে প্রথম সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সহজে কীভাবে মানিয়ে নিতে পারেন, তার একটি গাইডলাইন প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। শিক্ষাব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে এ সময়ের ছোট ছোট প্রস্তুতিই ভবিষ্যতের পড়াশোনা ও জীবনকে সহজ করে তুলতে পারে।

১. প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে নিরাপদে রাখা

কানাডায় পৌঁছানোর পর প্রথম কাজগুলোর একটি হলো, সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ঠিকভাবে গুছিয়ে রাখা। এর মধ্যে থাকে পাসপোর্ট, স্টাডি পারমিট, ভিসা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কাগজপত্র ও ভ্রমণসংক্রান্ত ডকুমেন্ট।

এগুলো শুধু গুছিয়ে রাখাই নয়, বরং ফটোকপি ও ডিজিটাল ব্যাকআপ রাখা জরুরি, যাতে হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সমস্যা না হয়।

২. কানাডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট খোলা

দৈনন্দিন খরচ পরিচালনার জন্য স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ব্যাংক শিক্ষার্থীদের জন্য কম বা শূন্য ফিতে বিশেষ অ্যাকাউন্ট সুবিধা দিয়ে থাকে।

সাধারণত পাসপোর্ট, স্টাডি পারমিট ও এনরোলমেন্ট প্রমাণপত্র প্রয়োজন হয়। কানাডার ব্যাংকিং ব্যবস্থা—ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং ও ট্রান্সফার—শুরুতেই বুঝে নিলে আর্থিক ব্যবস্থাপনা সহজ হয়।

৩. থাকার জায়গায় স্থিত হওয়া

নতুন পরিবেশে মানিয়ে নিতে আবাসন খুব বড় ভূমিকা রাখে। ক্যাম্পাস ডরমিটরি, হোমস্টে বা ভাড়া বাসা—যেখানেই থাকুক না কেন, প্রথম সপ্তাহেই সেটেল হওয়া জরুরি।

এর পাশাপাশি আশপাশের এলাকা যেমন গ্রোসারি স্টোর, ফার্মেসি, বাসস্টপ ও প্রয়োজনীয় সার্ভিস সম্পর্কে ধারণা নেওয়া দৈনন্দিন জীবনকে সহজ করে।

কানাডায় আবেদন করতে ডকুমেন্টগুলো যথাযথ হতে হবে

৪. স্থানীয় মানুষ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া

প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগ তৈরি করা মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেওয়া, সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া ও স্টুডেন্ট গ্রুপে যুক্ত হওয়া উপকারী।

কানাডার সংস্কৃতি সাধারণত ভদ্র ও সহযোগিতামূলক। তাই প্রশ্ন করতে বা সাহায্য চাইতে দ্বিধা না করাই ভালো।

৫. মোবাইল ও ইন্টারনেট সেটআপ করা

যোগাযোগ, ব্যাংকিং, ম্যাপ ও জরুরি সেবার জন্য স্থানীয় সিম কার্ড নেওয়া জরুরি। বিভিন্ন মোবাইল প্ল্যান তুলনা করে উপযুক্তটি নির্বাচন করা উচিত।

ইন্টারনেট সংযোগও গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্টের জন্য। অফ-ক্যাম্পাসে থাকলে ভাড়ার মধ্যে ইন্টারনেট অন্তর্ভুক্ত আছে কি না, তা যাচাই করা দরকার।

৬. স্বাস্থ্যবিমা সম্পর্কে জানা

কানাডায় চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই স্বাস্থ্যবিমা থাকা অত্যন্ত জরুরি। প্রদেশ ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সরকারি বা বেসরকারি বিমা থাকতে পারে।

কোন চিকিৎসা সুবিধা কাভার করে তা শুরুতেই জেনে নেওয়া এবং নিকটবর্তী হাসপাতাল ও ক্লিনিক চিহ্নিত করে রাখা নিরাপদ।

৭. ক্যাম্পাস ঘুরে দেখা ও রুটিন তৈরি

ক্লাস শুরু হওয়ার আগেই ক্যাম্পাস সম্পর্কে ধারণা নেওয়া গুরুত্বপূর্ণ। লাইব্রেরি, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ও স্টুডেন্ট সার্ভিস সেন্টার খুঁজে দেখা ভালো।

এ ছাড়া স্টুডেন্ট আইডি কার্ড সংগ্রহ, স্টাডি ম্যাটেরিয়াল কেনা এবং একটি সাপ্তাহিক রুটিন তৈরি করলে পড়াশোনা ও জীবন আরও সুসংগঠিত হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রথম সপ্তাহে নেওয়া এই ছোট ছোট প্রস্তুতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মানসিক চাপ কমায় এবং নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে। সঠিক পরিকল্পনা থাকলে কানাডায় শিক্ষাজীবন শুরু করা আরও সহজ ও সফল হতে পারে।