
বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ছয়জনকে ন্যাশনাল ইয়াং একাডেমি অব বাংলাদেশের (এনওয়াইএবি) পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং ডক্টরাল রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১ দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হয় এনওয়াইএবির বার্ষিক সাধারণ সভা। সভায় ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন সময়ে বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন—এমন ছয় স্কলারকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
৫টি ডিসিপ্লিনে মোট ১৮টি থিসিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে দেশ-বিদেশের অভিজ্ঞ গবেষকদের দ্বারা থিসিসগুলোর মূল্যায়নের পর ছয়জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে জানান এনওয়াইএবির প্রেসিডেন্ট ও বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল বাছিত।
লাইফ সায়েন্সেস এবং মেডিসিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম নাজমুল হক, অ্যাপ্লাইড সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটের মো. মিজানুর রহমান, অ্যাগ্রিকালচারাল ও ভেটেরিনারি সায়েন্সেসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. আনিসুর রহমান, সোশ্যাল সায়েন্সেস ও হিউম্যানিটিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোসা. মনিরা বেগম, ফিজিক্যাল সায়েন্সেসে যৌথভাবে শাবিপ্রবি জহির আহমদ ও বুয়েটের শরাবন তহুরা। এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পিএইচডি গবেষক ছাড়াও তাঁদের তত্ত্বাবধায়ক এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।