জাল সনদ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তা বরখাস্ত, ২ জন অবসরে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত আটজন কর্মকর্তা ও কর্মচারীর সনদ জাল পাওয়া গেছে। এ জন্য ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বরখাস্ত ব্যক্তিরা হলেন টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-১) মো. জাহাঙ্গীর আলম (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-২) মো. সাকিব ইসলাম (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সিনিয়র ক্লিনার দিলীপ হরিজন (অষ্টম শ্রেণি) ও ক্লিনার বাসুদেব দাস (অষ্টম শ্রেণি)।

একই সঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্যক্তিরা হলেন সেকশন অফিসার (গ্রেড-১) মো. মহিদুল ইসলাম (স্নাতকোত্তর, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়) এবং মেকানিক মো. জাকির হোসেন (স্নাতকোত্তর, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়)।

এর আগে গতকাল দুপুরে যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বোর্ডের ৯০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সনদ যাচাইসংক্রান্ত তিনটি আলাদা কমিটি ৮২তম রিজেন্ট বোর্ডে তাদের প্রতিবেদন পেশ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তদন্ত বোর্ড গঠন করা হয়। এ রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত বোর্ড তাদের প্রতিবেদন পেশ করে। পরবর্তী সময় রিজেন্ট বোর্ড ঘটনার সত্যতা পাওয়ায় জাল সনদধারী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।