জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর ঢাকার সাত কলেজের জন্য প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য লুৎফুর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক কামরুল আহসান। বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পুরোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত দিন উপাচার্য পরিবর্তন হয়নি। এখন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে একেবারে শেষ সময়ে ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং কাছাকাছি সময়ে উপাচার্য দেওয়া হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিব। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি দায়িত্ব নেওয়ার আগেই অব্যাহতি দিয়ে নুরুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।