নিউজিল্যান্ড এখন অনেকের কাছে পড়াশোনার অন্যতম গন্তব্য। যাঁদের পছন্দের তালিকায় আছে দেশটি, তাঁদের জন্য সুখবর। পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা–ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নীতি অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এবং কিছু বিদ্যমান সুবিধার যোগ্যতা বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
১৬ নভেম্বর ২০২৬ থেকে যেসব শিক্ষার্থী নিউজিল্যান্ডে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং নিউজিল্যান্ড বা বিদেশ থেকে স্নাতক ডিগ্রিধারী, তাঁরাও পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন। আবেদনকারীকে পূর্ণকালীনভাবে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। পাশাপাশি স্নাতক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ ছয় মাসের জন্য প্রযোজ্য। লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা এক বছরের ওয়ার্ক ভিসা পেতে পারেন, তবে শর্ত হলো স্নাতক ডিগ্রি থাকতে হবে বা কোর্সটি গ্রিন লিস্টের পেশার সঙ্গে সম্পর্কিত হতে হবে।
নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’—
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ বিদেশি শিক্ষার্থীদের জন্য চালু করেছে নিউজিল্যান্ড। যেসব শিক্ষার্থী দীর্ঘমেয়াদি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারেন না, তাঁদের জন্য এই ভিসা। এই ভিসার মাধ্যমে যোগ্য গ্র্যাজুয়েট ব্যক্তিরা নিউজিল্যান্ডে সর্বোচ্চ ছয় মাস অবস্থান করে প্রায় যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।
যোগ্যতার শর্তগুলোর মধ্যে রয়েছে—
১. নিউজিল্যান্ডে লেভেল ৫ থেকে ৭ পূর্ণকালীন কোর্স সম্পন্ন করতে হবে
২. কোর্সের মেয়াদ কমপক্ষে ২৪ সপ্তাহ হতে হবে
৩. ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৫,০০০ নিউজিল্যান্ড ডলার (৩,২৫,০০০ থেকে ৩,৭৫,০০০ টাকা) থাকতে হবে
৪. স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার ৩ মাসের মধ্যে আবেদন করতে হবে।
তবে এই ভিসায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। গ্র্যাজুয়েট ব্যক্তিরা এই ভিসার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারবেন না, পরিবারকে স্পনসর করতে পারবেন না এবং এটি একবারই পাওয়া যাবে।
গ্র্যাজুয়েট ডিপ্লোমার জন্য সুযোগ বৃদ্ধি—
দ্বিতীয় বড় পরিবর্তনটি হলো পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার পরিধি বৃদ্ধি। এখন লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা এক বছরের ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হতে পারেন। শর্ত অনুযায়ী আবেদনকারীর কাছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি ছাড়াও যদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা নিউজিল্যান্ডের Green List–এ থাকা পেশার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে যোগ্যতা পাওয়া যেতে পারে। Green List মূলত সেই সব পেশার তালিকা, যেখানে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে।
ভিসার ক্ষেত্রে সতর্কতা—
নতুন নিয়ম অনুযায়ী, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা—দুটিই একবারই পাওয়া যাবে। অর্থাৎ, যাঁরা একবার পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পেয়েছেন, তাঁরা পুনরায় এই সুবিধা নিতে পারবেন না। এ ছাড়া শিক্ষার্থীদের এখন থেকেই সতর্কভাবে কোর্স নির্বাচন করতে হবে। কারণ, ভিসার মেয়াদ এবং চাকরির সুযোগ সরাসরি কোর্স ও যোগ্যতার ওপর নির্ভর করবে। নিউজিল্যান্ডের এই নতুন ভিসা নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি পরিকল্পনা ও যোগ্যতা যাচাইয়ের গুরুত্বও বাড়িয়ে দিচ্ছে।