
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬–এর জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সারা দেশ থেকে ৭ হাজার ৭০০ আবেদনকারীর মধ্যে ৫৪১ জন শিক্ষার্থী এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী একাডেমিক অংশীদারত্ব ও বৃত্তির মাধ্যমে বাংলাদেশে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে ভারতের গুরুত্ব প্রদান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান চিরস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।