অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নেশায় স্মার্টফোনে ব্যস্ত সময় কাটায় বর্তমান প্রজন্ম। দিনের অনেকটা সময় স্মার্টফোন বা ডিভাইসে কাটায় শিশুশিক্ষার্থীরাও। শিশুশিক্ষার্থীদের স্মার্টফোনে আসক্তি নিয়ে নানা অভিযোগ শোনা যায়। কারণ, সাম্প্রতিক বছরগুলোয় তরুণদের মধ্যে চোখে কম দেখা ও ইন্টারনেট আসক্তি নিয়ে উদ্বিগ্ন চীন। এ আসক্তি কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।
ইন্টারনেট আসক্তি রোধে দেশটির সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না একটি প্রস্তাব দিয়েছে। দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা মুঠোফোন ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব সরকারের কাছে দিয়েছে সিএসি। প্রস্তাবে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী শিশুশিক্ষার্থীদের জন্য স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার সীমিত করতে এ উদ্যোগ নিচ্ছে দেশটি। অপ্রাপ্তবয়স্করা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো ধরনের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে না। ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দিনে ২ ঘণ্টার বেশি মুঠোফোন ব্যবহার করতে পারবে না। ৮ থেকে ১৫ বছর বয়সীরা দিনে ১ ঘণ্টা এবং যাদের বয়স ৮ বছরের নিচে তারা দিনে মোটে ৪০ মিনিট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত এ ব্যাপারে জনগণের মতামত যাচাই হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চীন সরকার।
সাংহাই শেনলুন নামের একটি আইন সংস্থার আইনজীবী জিয়া হেইলং বলছেন, এ নতুন নিয়মগুলো ইন্টারনেট সংস্থাগুলোর জন্য মাথাব্যথার কারণ হবে। এই নতুন নিয়ম প্রয়োজনকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। ইন্টারনেট কোম্পানিগুলো নাবালকদের তাদের পরিষেবা ব্যবহার থেকে সরাসরি নিষিদ্ধ করার কথা বিবেচনা করতে পারে।
চীন আগেও এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। এর আগে ২০২১ সালে চীন সরকার ১৮ বছরের কম বয়সী যারা ভিডিও গেম খেলে, তাদের জন্য একটি নিষেধাজ্ঞা জারি করেছিল। এটি টেনসেন্টের মতো গেমিং জায়ান্টদের জন্য একটি বড় ধাক্কা ছিল। ২০১৯ সালে শিশুদের অনলাইন গেম খেলার সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছিল। সে সময় বিলিবিলি, কোয়াইশোউ ও বাইটড্যান্সের মতো ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মগুলো ‘কিশোর মোড’ চালু করেছিল। এর ফলে শিশুশিক্ষার্থীদের ভিডিওতে অ্যাক্সেস এবং ব্যবহারের সময় সীমাবদ্ধ ছিল। দিনে ৯০ মিনিটের বেশি গেম খেলায় নিষেধাজ্ঞা ছিল। এরপর ২০২১ সালে সেই নির্দেশ আরও কঠোরভাবে জারি করা হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছিল, শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহান্ত এবং সরকারি ছুটির দিনগুলোয় শিশুশিক্ষার্থীরা এক ঘণ্টা করে অনলাইন গেম খেলতে পারবে।