
জাপান–কোরিয়া–চীন–জার্মানিসহ বিভিন্ন দেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তিতে ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ ও থাকা–খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণে পাওয়া যাবে এ ঋণ।
প্রবাসে কর্মসংস্থানপ্রত্যাশী বাংলাদেশিদের সহায়তা ও বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি চালু করেছে ব্যাংকটি। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুবিধা পাবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, যাঁরা বিদেশে ভাষা শিক্ষা ও বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাঁদের সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। ঋণের সুবিধার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ, বিদেশে অবস্থানকালে থাকা–খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ।
আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। ঋণের জন্য আবেদনকারীকে যে দেশে গমনে ইচ্ছুক, সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা শিক্ষার সনদ (যেমন জাপানের জন্য N5, দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK Level 3) অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদার–সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত। ঋণের অন্যান্য ফি ও চার্জ–সংক্রান্ত তথ্যাবলি প্রবাসী কল্যাণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা অথবা সরাসরি হেল্পলাইন নম্বর ১৬২৩৮–এ যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকের ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন আগ্রহীরা।